দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইউনেসকো প্রকাশিত সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম দক্ষতার মান পূরণ করেন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষকই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নন।
এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে মূলত দুই ভিত্তিতে—শিক্ষকরা সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য যথাযথ প্রশিক্ষণ পেয়েছেন কি না এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত মান পূরণ করে কি না।
বাংলাদেশে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এই হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৫৫ দশমিক ২ শতাংশ। তুলনামূলকভাবে দক্ষিণ এশিয়ায় মালদ্বীপে দক্ষ শিক্ষকের হার সর্বোচ্চ ৯৮ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান—সব দেশই বাংলাদেশকে ছাড়িয়ে গেছে।
এছাড়া বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (BANBEIS) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইংরেজি পড়ানো শিক্ষকদের মধ্যে মাত্র ১৬ দশমিক ৯৯ শতাংশের ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। গণিতে এই হার আরও কম, ১৪ দশমিক ৬৬ শতাংশ। এতে বিষয়ভিত্তিক দক্ষতার বড় ঘাটতি স্পষ্ট হচ্ছে।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রশিক্ষণ ও যোগ্যতার এই ঘাটতি শিক্ষার গুণগত মানে সরাসরি প্রভাব ফেলছে এবং দীর্ঘমেয়াদে মানবসম্পদ উন্নয়নে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
অনলাইন ডেস্ক 






















