আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পড়ে যাওয়ায় অপরিশোধিত তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে টানা কয়েক দিনের মতো মঙ্গলবারও তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫১ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে পৌঁছায়। আগের সেশনেও ব্রেন্টের দাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এতে টানা সপ্তম দিনের মতো দাম বাড়ার রেকর্ড গড়েছে তেলটি।
একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আগের ট্রেডিং সেশনে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২.১ শতাংশ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং ইরানকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দামে চাপ তৈরি হচ্ছে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা গণমাধ্যমের মাধ্যমে পরিচালনা করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।
সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয়। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের দরকষাকষি করা হবে না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই যাবে না, যা আমেরিকান জনগণের স্বার্থের পরিপন্থী হয়। একইসঙ্গে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিও নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।
সূত্র: আল জাজিরা
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 
























