স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটেছে চরম উত্তেজনাপূর্ণ ঘটনা। রিয়াল জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রেদা লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারায় বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।
রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যকার ম্যাচে শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাচলাইনের পাশে হুয়েস্কা অধিনায়ক জর্জ পুলিদো কিছু বলার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আন্দ্রেদা।
এরপর রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মাঠ ছাড়ার সময় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি দৌড়ে গিয়ে পুলিদোকে ঘুষি মারেন।
এই ঘটনার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও শুরু হয়। এক পর্যায়ে আন্দ্রেদা নিজেও পড়ে গেলে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজ তাকে ঘুষি মারেন, ফলে তাকেও লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় হুয়েস্কা। দুই দলই বর্তমানে অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে।
ঘটনার পর নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন আন্দ্রেদা। তিনি বলেন, যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। এটি পেশাদার খেলোয়াড় হিসেবে খারাপ উদাহরণ। আমি পুলিদোর কাছে ক্ষমা চাই।
ফুটবল কর্তৃপক্ষ এ ঘটনার ভিডিও ও রিপোর্ট পর্যালোচনা করে কঠোর শাস্তি দিতে পারে বলে জানা গেছে।
স্পোর্টস ডেস্ক 























