মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অবশেষে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিনের আবেদন শুনানিতে অংশ নিতে তিনি নিজেই আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি হাইকোর্টে জামিন চান।
ঘটনার সূত্রপাত ২৬ মার্চ, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে। ওই বক্তব্যের পর ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
মামলায় আদালত তাকে ২১ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরবর্তীতে আজ হাইকোর্টে জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে আগাম জামিন দেন। এতে আপাতত গ্রেপ্তারি ঝুঁকি থেকে রেহাই পেলেন এই সংসদ সদস্য ও ইসলামী বক্তা।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























