মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ এবং এসআরবি-১০-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে আলাউদ্দিন আলাল (৫২), মো. রাজু (৩২), মো. তামজীদ (৩০), আমিনুল ইসলাম (১৮), মো. আরিফ (৩০), মান্নান মন্টু (৪০), মো. মাসুদ (২৪), মো. সুমন (৩৮), মাহফুজ দেওয়ান (২০), মো. মারুফ (৩২) ও মো. মোস্তাফিজুর রহমানকে (৩২) আটক করা হয়।
পরে অপরাধের ধরন অনুযায়ী আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাঁদের মধ্যে কাউকে এক মাস, কাউকে তিন মাস এবং কাউকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০, ৫০০ ও ১ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।