সরকার বদলেছে, বদলেছে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। তবে ঢাকার কেরানীগঞ্জে বন্ধ হয়নি কৃষিজমি ভরাটের অভিযোগ। তিন ফসলি কৃষিজমি বালু দিয়ে ভরাট করে আবাসন প্রকল্প সম্প্রসারণের অভিযোগ উঠেছে মধু সিটির বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারানগর ইউনিয়নের চণ্ডীপুর, কাঁঠালতলী ও কলাতিয়ার বেলনা এলাকায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবাসন কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কৃষিজমি রক্ষায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের। ফলে কৃষিজমি ভরাট বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে মধু সিটির কার্যক্রম বিস্তৃত হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমি ভরাট ও আবাসন কার্যক্রম পরিচালনা করত বলে অভিযোগ স্থানীয়দের।
সংশ্লিষ্ট এলাকার কৃষিজমি ভরাটের কারণে স্থানীয় কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। তাদের ভাষ্য, এসব জমিতে দীর্ঘদিন ধরে একাধিক মৌসুমে ফসল উৎপাদন হয়ে আসছে। আবাসন প্রকল্পের নামে জমি বালু দিয়ে ভরাট করা হলে ভবিষ্যতে কৃষিকাজের সুযোগ কমে যাবে। একই সঙ্গে স্থানীয় কৃষিনির্ভর পরিবারগুলো জীবিকা সংকটে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও দৃশ্যমান প্রতিকার না পাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
তারা অবিলম্বে তিন ফসলি কৃষিজমি ভরাট বন্ধ, ভরাট করা জমির বিষয়ে তদন্ত এবং সরকারি খাল-বিল ও জলাশয়ের সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।