জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. অলকেশ কুমার সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আখতার হামিদ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের উৎসাহিতকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ বিভাগের কার্যকর সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।