‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স—সিএটিএ-আর্থ ২০২৬’ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
চৌধুরী সুপ্রতীক বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর নির্মিত পুরস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’-এ উঠে এসেছে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও পরিবেশে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র।
এ বিষয়ে সুপ্রতীক বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ স্বীকৃতি সেই মানুষদের উৎসর্গ করেছেন, যাঁরা তাঁদের জীবনের গল্প তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর সুপারভাইজার অমিত দত্ত, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুপ্রতীকের প্রামাণ্যচিত্র নির্মাণে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত। তিনি বলেন, প্রথমেই সুপ্রতীককে প্রাণঢালা অভিনন্দন জানাতে চান। গবেষণার কাজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনসুর আলম অন্তরসহ যাঁরা তথ্য সংগ্রহ ও অন্যান্য কাজে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
অমিত দত্ত আরও বলেন, সুপ্রতীক তাঁর জায়গা থেকে নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি সম্পাদন করেছে। তার এ অর্জন নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের। মাঠপর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দুর্দশা তুলে ধরেছে প্রামাণ্যচিত্রটি। এর মাধ্যমে লবণাক্ততা ও পানির সংকট নিয়ে সচেতনতা বাড়বে এবং নীতিনির্ধারণ ও ওই অঞ্চলের কৃষিব্যবস্থা পুনরুদ্ধারে সমন্বিত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।