রাজধানীর তেজগাঁও কলেজ ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সক্রিয় কর্মী হিসেবে পরিচিত দুলালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ রবিনের নেতৃত্বে তাকে আটক করা হয়। দুলাল কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দুলাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার একজন সক্রিয় কর্মী। তিনি দীর্ঘদিন ধরে লুকিয়ে লুকিয়ে কলেজ ক্যাম্পাসে যাতায়াত করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। তার সাংগঠনিক পরিচয় ও কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসার পর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান সংশ্লিষ্ট ছাত্রদল নেতারা।
এ সময় তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিল, আহ্বায়ক সদস্য ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম খান এবং সদস্য আল আমিন বিশ্বাস অপু উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।