অনলাইনে আবেদন থেকে শুরু করে নির্বাচন অফিসে বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। নতুন ভোটার হতে কীভাবে আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, তা জেনে নেওয়া যাক।
নতুন ভোটার নিবন্ধনের জন্য সাধারণত নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হয়—
১. জন্মনিবন্ধন সনদ: অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত জন্মনিবন্ধন সনদের কপি।
৩. বাবা-মায়ের এনআইডি: বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তাঁদের কেউ মারা গেলেও এনআইডি নম্বর বা পুরোনো কার্ডের কপি থাকলে তা জমা দিতে হবে।
৪. নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।
৫. ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি কিংবা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ।
৬. রক্তের গ্রুপের প্রতিবেদন: নির্ভরযোগ্য ল্যাবরেটরি থেকে করা রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।
নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হওয়ার আবেদন অনলাইনে শুরু করে পরবর্তী ধাপে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হয়। প্রক্রিয়াটি হলো—
প্রথমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নতুন ভোটার নিবন্ধনের আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের তথ্য, ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে।
দ্বিতীয় ধাপ: আবেদন ফরম প্রিন্ট
অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। ফরমে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
তৃতীয় ধাপ: নির্বাচন অফিসে জমা
আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে। সেখানে জমা দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই করা হবে।
চতুর্থ ধাপ: ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান
নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন অফিসে আবেদনকারীর ছবি তোলা হবে। একই সঙ্গে নেওয়া হবে দুই হাতের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ডিজিটাল স্বাক্ষর।
সব তথ্য ও কাগজপত্র যাচাই এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধিত হবেন আবেদনকারী। পরবর্তী সময়ে এনআইডি নম্বর ও পরিচয়পত্র পাওয়া যাবে।
আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
নতুন ভোটার হওয়ার আবেদন করার আগে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং বাবা-মায়ের এনআইডিতে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে আবেদনপত্রের তথ্য মিলিয়ে নিতে হবে। বিশেষ করে নামের বানান ও স্থায়ী ঠিকানায় যেন কোনো অসংগতি না থাকে।
কোনো তথ্যের ভুল বা অসংগতি থাকলে আবেদন যাচাইয়ের সময় অতিরিক্ত কাগজপত্র বা ব্যাখ্যা চাওয়া হতে পারে।
এ ছাড়া এলাকাভেদে নির্বাচন অফিস থেকে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জেনে নেওয়া ভালো।