বাইরে থেকে কোনো বন্ধুত্বকে যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন, সব সম্পর্কের পেছনে আন্তরিকতা থাকে না। অনেক সময় বড় কোনো ঘটনা নয়, বরং ছোট ছোট আচরণেই বন্ধুত্বের প্রকৃত রূপ প্রকাশ পায়। আপনার সাফল্যে কারও প্রতিক্রিয়া কেমন, আপনার অনুপস্থিতিতে সে কীভাবে আচরণ করে কিংবা বিপদের সময় পাশে থাকে কি না—এসব বিষয় থেকেই একজন বন্ধুর আন্তরিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
একবার কোনো ভুল আচরণ করলেই কাউকে ভুয়া বন্ধু বলা যায় না। তবে একই ধরনের নেতিবাচক আচরণ বারবার ঘটলে তা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দেয়। এমন পাঁচটি আচরণ রয়েছে, যেগুলোর প্রতি নজর রাখা জরুরি।
শুধু প্রয়োজনে যোগাযোগ করে
কিছু বন্ধু কেবল নিজেদের প্রয়োজনে যোগাযোগ করেন। তাঁদের পাঠানো বার্তায় প্রায়ই কোনো অনুরোধ, সাহায্যের প্রত্যাশা কিংবা নিজের সমস্যা সমাধানের বিষয় থাকে। অথচ আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় কিংবা কারও সঙ্গে মন খুলে কথা বলতে ইচ্ছে করে, তখন তাঁদের খুঁজে পাওয়া যায় না। মনে রাখতে হবে, বন্ধুত্ব কখনো একতরফা হতে পারে না। পারস্পরিক সহযোগিতা ও খোঁজখবর নেওয়াই একটি আন্তরিক সম্পর্কের ভিত্তি।
আপনার সাফল্যে আনন্দিত হতে পারে না
আপনি কোনো সুখবর জানালে একজন প্রকৃত বন্ধু সাধারণত আপনার আনন্দে শামিল হন। কিন্তু কেউ যদি বারবার আপনার অর্জনকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করেন কিংবা ছোট করে দেখানোর চেষ্টা করেন, তাহলে বিষয়টি লক্ষ করার মতো। মাঝেমধ্যে কারও প্রতিক্রিয়া প্রত্যাশামতো নাও হতে পারে। তবে নিয়মিতভাবে আপনার আনন্দকে গুরুত্বহীন করে তোলা বন্ধুত্বের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
ব্যক্তিগত কথা অন্যের কাছে প্রকাশ করে দেয়
বিশ্বাস করে কোনো বন্ধুকে ব্যক্তিগত কথা বলার পর যদি জানতে পারেন, সেই তথ্য অন্যদের কাছেও পৌঁছে গেছে, তাহলে তা সম্পর্কের বিশ্বাস নষ্ট করতে পারে। একজন প্রকৃত বন্ধু ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তার গুরুত্ব বোঝেন। বিশেষ কোনো প্রয়োজন বা সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। বারবার এমন আচরণ করা বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক হওয়ার একটি কারণ।
আপনাকে নিয়ে নিয়মিত উপহাস করে
বন্ধুদের মধ্যে হাসি-ঠাট্টা ও মজা হওয়া স্বাভাবিক। তবে কেউ যদি বারবার আপনার দুর্বলতা, ব্যক্তিগত সীমাবদ্ধতা কিংবা সংবেদনশীল বিষয় নিয়ে উপহাস করেন, তাহলে তা আর নিছক মজা থাকে না। বিশেষ করে আপনি কোনো কথায় কষ্ট পাওয়ার বিষয়টি জানানোর পরও যদি তিনি একই আচরণ চালিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানো হচ্ছে না।
কঠিন সময়ে পাশে থাকে না
আনন্দ-উৎসব, ঘোরাঘুরি কিংবা আড্ডার সময় অনেককেই পাশে পাওয়া যায়। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিতে তাঁদের অনুপস্থিতি চোখে পড়ে। একজন বন্ধুকে আপনার সব সমস্যার সমাধান করে দিতে হবে, এমন নয়। তবে বিপদের সময় সামান্য সহানুভূতি, খোঁজখবর নেওয়া কিংবা পাশে থাকার চেষ্টা আন্তরিক বন্ধুত্বের পরিচয় দেয়। কঠিন সময়ে বারবার দূরে সরে যাওয়া সম্পর্কটির গভীরতা নিয়ে ভাবার সুযোগ তৈরি করে।
বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বিশ্বাস, সম্মান, সহযোগিতা ও আন্তরিকতার ওপর। তাই কারও একটি বিচ্ছিন্ন আচরণের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে তার সামগ্রিক আচরণ ও ধারাবাহিকতা বিবেচনা করা জরুরি। যে বন্ধু আপনার আনন্দে আনন্দিত হন, ব্যক্তিগত বিষয় গোপন রাখেন এবং কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেন, তিনিই প্রকৃত বন্ধুত্বের মূল্য বোঝেন।
kalprakash.com/sd