কুমিল্লা নগরীর টিক্কারচর কবরস্থানের অর্থের হিসাব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কবরস্থানের ক্যাশিয়ার কামাল হোসেন ভুট্টোর বিরুদ্ধে। গত সাত বছরের আয়-ব্যয়ের সঠিক হিসাব দিতে না পারার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
সরেজমিন অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে সাবেক কাউন্সিলর খোকন কমিশনারের নেতৃত্বাধীন কমিটি বর্তমান কমিটির কাছে কবরস্থানের ৪ লাখ ৩০ হাজার টাকা বুঝিয়ে দিয়েছিল। কিন্তু গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে হিসাব চাইলে ক্যাশিয়ার কামাল হোসেন ভুট্টো মাত্র ১ লাখ ৩২ হাজার টাকা বুঝিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। ফলে বাকি ২ লাখ ৯৮ হাজার টাকা কোথায় গেল, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, কবরস্থানের দানবাক্সে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়। এ ছাড়া কবরস্থানের সংস্কারকাজের জন্য বিভিন্ন সময়ে অনেকেই অনুদান দিয়ে থাকেন। কবরস্থানের বিপুলসংখ্যক গাছ কেটে বিক্রি করা হয়েছে, যার মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি স্থানীয়দের। পাশাপাশি প্রতি বছর শবে বরাত, শবে কদরসহ বিভিন্ন ধর্মীয় দিবস ও মাহফিল উপলক্ষে কবরস্থানে বিপুল পরিমাণ অর্থ জমা হয়। কিন্তু এসব অর্থের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের প্রশ্ন, দানবাক্সের অর্থ, বিভিন্ন ব্যক্তির অনুদান এবং গাছ বিক্রির টাকা কোথায় গেল? সাত বছরে কবরস্থানের অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার স্বচ্ছ হিসাব কেন প্রকাশ করা হচ্ছে না? এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় কবরস্থানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ ও অসন্তোষ বাড়ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কাউন্সিলর পদপ্রার্থী ইফরানুল হক মাসুম বলেন, কবরস্থানের টাকাও অনেকের পেটে যায়। তারা হয়তো কবরে যাবে না। চির অমর হয়ে বেঁচে থাকার জন্য মনে হয় আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট করে এসেছেন। এ জন্য তাদের হাত থেকে কবরস্থানের টাকাও রক্ষা পাচ্ছে না।
তিনি কবরস্থানের অর্থের অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, কবরস্থানের গত সাত বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দানবাক্সের অর্থ, অনুদান ও গাছ বিক্রির টাকার সঠিক হিসাব নিশ্চিত করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
টিক্কারচর কবরস্থানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ এখন সময়ের দাবি।