ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকেই রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও তাঁদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।