ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার অধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
তবে কী মামলায় এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। গ্রেপ্তারের কারণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।