পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬৮টি দেশের কাছে কোরআন তিলাওয়াতকারী মনোনয়নের আহ্বান জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পাশাপাশি আরও ১১টি দেশকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ।
গত শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৩১টি দেশ থেকে প্রতিযোগীর মনোনয়ন পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের ভিসা প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় মিসর ও ইরানের বিশিষ্ট আলেমরা বিচারকের দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিকভাবে পরিচিত কারি সৈয়দ সাদাকাত আলী।
প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় যাতায়াত, প্রশাসনিক ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার আয়োজন করে পাকিস্তান। ওই আসরে ওআইসিভুক্ত ৪০টিরও বেশি দেশের কোরআন তিলাওয়াতকারীরা অংশ নেন।
আয়োজকদের মতে, পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্প ও ঐতিহ্যের প্রসার, তিলাওয়াতে উৎকর্ষ সাধন এবং বিভিন্ন দেশের কারিদের মধ্যে জ্ঞান ও শৈল্পিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদারেও ভূমিকা রাখবে এ আয়োজন।
সূত্র: পাকিস্তান টুডে।