রাজধানীতে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এর আগে যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদনহীনভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডিএমপি জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নির্ধারিত সময়ের পর এসব সরঞ্জাম ব্যবহার বা সংযোজনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। অভিযান সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।