২০২৭ সালের হজে বাংলাদেশিদের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তির আওতায় বাংলাদেশের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে এ সংখ্যা ছিল ৭৮ হাজার ৫০০।
তবে হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে মক্কার মিনায় তাঁবুর ধারণক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উঠে এলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বৈঠকে দুই দেশের মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এ সময় ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার।
বর্ধিত কোটা কাজে লাগিয়ে হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।