২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি মুসল্লিদের জন্য এসেছে সুখবর। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই সময় বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) থেকে বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
তবে নির্ধারিত সময়ের আগেই বর্ধিত ও অব্যবহৃত কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে ২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহী আরও কিছু বাংলাদেশি মুসল্লির হজে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।