ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক পৌর সভাপতি আলী আশ্রাফ, বশির চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি শামমিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়।
এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের তেলবীজ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কসবা উপজেলার ২ হাজার ৪০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব। বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার পেয়ে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে কসবায় সরিষার আবাদ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে।