নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত হামলা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, দেশব্যাপী গুপ্ত হামলা, সাম্প্রতিক অগ্নিসংযোগ এবং আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সভার আয়োজন করে।
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, আগামী ডিসেম্বরেও একইভাবে ঐক্য ধরে রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও বিভেদ ভুলে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সহযোগীরা এখনো বিভিন্ন সংস্থা ও বাহিনীতে অবস্থান করছে। তারা নানা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া, পটকা বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন উল্লেখ করে ইশরাক বলেন, ডিসেম্বরের ৩০ দিনই তাঁরা রাজপথে থেকে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর দেশকে পুনর্গঠনে তাঁকে প্রয়োজনীয় সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিটিকেও মূল্যায়নের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।
ইশরাক আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কোনো পক্ষ আঁতাত বা অপতৎপরতায় জড়িত হলে তাদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবেও প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশব্যাপী নিজেদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাঁকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এখনো জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন না পাওয়া ব্যক্তিদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
ইশরাক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিদিন রাজপথে সক্রিয় থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।