ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরার বা স্বাভাবিক প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের মতোই ছিল। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’
রুহুল কবীর রিজভী আরও বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।
এ সময় দেশে গোপনে ও কৌশলে বাল্যবিবাহ চলার বিষয়টি উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।