বাগেরহাটের রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি-সংক্রান্ত মামলায় শশাঙ্ক শেখর মন্ডল (৩৩) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শশাঙ্ক শেখর মন্ডল রামপাল উপজেলার ধলদাহ গ্রামের সুনীল কুমার মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রামপাল থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রামপাল থানার ওসি মাসুদুর রহমান, পিপিএম বলেন, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।