চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। গত চার দিনে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে অবৈধভাবে মজুত করা ৫০০ বস্তার বেশি সার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত চার দিন ধরে অবৈধভাবে মজুত করা সার উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে প্রায় ২ হাজার বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, সার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পান, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।