ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে দণ্ডিত নন; তিনি মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি। সাধারণ হত্যাকাণ্ডের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের পার্থক্য রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে দেশের সংবিধানেও বিশেষ বিধান উল্লেখ রয়েছে বলে জানান তিনি।
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইনি জটিলতার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে আইনি জটিলতার কথা বলা হলেও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। তিনি নিজেও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে আসছেন। তাই এ ক্ষেত্রে আইনি জটিলতা বা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি সামনে আসার কথা নয় বলে মনে করে সরকার।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে তিনি বলেন, একটি ল’ ফার্মের মাধ্যমে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। অন্যদিকে, ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং যথাসময়ে তা সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং প্রচলিত আইন ও নিয়ম মেনেই একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।