গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শ্যামলী ট্রাভেলস বাস কাউন্টারের সামনে থেকে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রায় আট বছর আগে ওই মাদ্রাসার আবাসিক শাখায় মেয়েকে ভর্তি করে কর্মের তাগিদে ঢাকায় চলে যান ভুক্তভোগী ছাত্রীর মা-বাবা। প্রতি মাসে তাঁরা ঢাকা থেকে গাইবান্ধায় এসে মেয়ের সঙ্গে দেখা করতেন এবং মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।
মাদ্রাসা পরিচালক হাসান আলী প্রায় ছয় মাস আগে থেকে ওই কিশোরীকে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকেন। কিশোরী বিষয়টি তার মা-বাবাকে জানালে তাঁরা ওই পরিচালককে ফোন করেন। এ সময় পরিচালক মৌখিকভাবে ভুল স্বীকার করেন এবং এমন ঘটনা আর ঘটাবেন না বলে অঙ্গীকার করেন।
গত ২৮ আগস্ট ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে হাসান আলী ওই ছাত্রীকে মাদ্রাসাসংলগ্ন নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এরপর এ ঘটনা অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দেন মাদ্রাসা পরিচালক এবং ওই ছাত্রীর মা-বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা তার মা-বাবাকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে গত ৩১ আগস্ট ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি অভিযানিক দল জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শ্যামলী ট্রাভেলস বাস কাউন্টারের সামনে থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হাসান আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি-১৩-এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।