রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বৈরাগীগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী নৈশ কোচ খান পরিবহন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
kalprakash.com/IM