সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন।
এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৯৪ শতাংশ। কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর মোট ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন।
বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, রেজাল্ট প্রকাশ হবে শুনেছি, তখন থেকেই মনে একটা ভয় কাজ করছিল। তবে বিশ্বাস ছিল, আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব। এই ফলাফলের পেছনে আমাদের শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রম ছিল।
কলেজের অধ্যক্ষ মো. হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হয়েছে। এ কারণে এবার শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাসের হার ৯৯ শতাংশ, ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সারা দেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম এবং ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ডসহ সারা দেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে।
kalprakash.com/IM