হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্ল্যাক সিম্পসনের করা ইনিংসের চতুর্থ ওভারে ছয়টি ছক্কা হাঁকান বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর পঞ্চম ওভারের প্রথম বলেও ছক্কা মেরে টানা সাত বলে সাত ছক্কার অবিশ্বাস্য কীর্তি গড়েন বাংলাদেশের ব্যাটাররা।
ম্যাচের চতুর্থ ওভারে প্রথম দুই বলে ছক্কা হাঁকান সোহান। দ্বিতীয় বলে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর অবসরে যান সোহান। তাঁর জায়গায় ক্রিজে এসেই ঝড় তোলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিম্পসনের পরের চার বলেই চারটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। ফলে এক ওভারে আসে ৩৬ রান, যা বাংলাদেশের ইনিংসকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। তাতে টানা সাত বলে সাত ছক্কার বিরল দৃশ্যের সাক্ষী হয় ম্যাচটি।
সোহান ১৪ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে দুটি চার ও আটটি ছক্কা। অন্যদিকে মৃত্যুঞ্জয় মাত্র চার বলেই চার ছক্কায় করেন ২৪ রান। অধিনায়ক আবু হায়দারও ১০ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ফলে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় প্রোটিয়ারা। ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শাল্কউইক। মাত্র ২০ বলে অপরাজিত ৭৭ রান করেন তিনি।
kalprakash.com/IM