‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পদ্মা নদীবেষ্টিত গঙ্গাধরদী কমিউনিটিতে নৌকায় গিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠান শেষে পদ্মার ভাঙন থেকে কৃষিজমি, বসতবাড়ি ও চর রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক গোপাল চন্দ্র বিশ্বাসের (মাস্টার) সভাপতিত্বে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা মো. মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রিন কোয়ালিশন জেলা কমিটির সদস্য অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। আলোচনায় আরও বক্তব্য দেন অধ্যাপক আনিসুর রহমান, কবি মইন হোসেন বিশ্বাস, সাংবাদিক আতোয়ার রহমান তোহা, জেলা কৃষক উন্নয়ন ফোরামের নেতা সুচরণ সরকার, দাশকান্দি শতবাড়ী নারী নেত্রী ডলি বেগম ও নটাখোলা নারী উন্নয়ন কমিটির সদস্য মিতু আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘চরের বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক পরিবেশ যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতার দাবি আরও জোরদার করা প্রয়োজন।’ একই সঙ্গে চরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পদ্মাসহ দেশের সব নদীর স্বাভাবিক প্রবাহ ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
এদিকে স্থানীয় জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করা হয়।
kalprakash.com/IM