মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় অভিযুক্ত শিক্ষার্থী সৈকত হালদারের স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবি জানান বিক্ষোভকারীরা। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, একই বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পুনঃতদন্ত, হিম উৎসব-২০২৬-এ ধর্মীয় অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা এবং ধর্মীয় অবমাননা প্রতিরোধে কঠোর নীতিমালা প্রণয়ন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শামসুল আলম দাবিগুলোকে ন্যায্য উল্লেখ করে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, সৈকত হালদারকে ইতিমধ্যে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
kalprakash.com/IM