ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রাখা অনেকের কাছেই একটি সাধারণ অভ্যাস। তবে এই অভ্যাসের কারণে শারীরিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন যে কেউ। দেখা দিতে পারে মস্তিষ্কের রোগ, এমনকি কমে যেতে পারে পুরুষের প্রজনন ক্ষমতা।
চিকিৎসক আকলিমা আক্তার বলেন, মোবাইল থেকে নিঃসৃত হয় এক ধরনের রেডিয়েশন, যাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) রেডিয়েশন। তিনি জানান, এই রেডিয়েশন মানুষের শরীরের তাপমাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে, যার ফলে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্রেনের উত্তেজনা বাড়ে, ফলে গভীর ঘুম ব্যাহত হয়। যারা মাইগ্রেনের রোগী, তাদের ঘন ঘন মাথাব্যথা দেখা দেয় বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, দীর্ঘদিন মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে ব্রেন টিউমার হতে পারে, যা থেকে ব্রেন ক্যানসার এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
তিনি আরও বলেন, মোবাইলের রেডিয়েশন চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়, রক্তচাপ বাড়িয়ে দেয় এবং শরীরে কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। তার ভাষ্যে, মোবাইলের রেডিয়েশন হৃদরোগ সৃষ্টি করতে পারে এবং প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে, বিশেষ করে পুরুষেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন। তিনি পরামর্শ দেন, মোবাইল বন্ধ করে ঘুমাতে যাওয়া উচিত, আর তা একেবারে সম্ভব না হলে অন্তত শরীর থেকে ৩ ফুট দূরে মোবাইল রাখা উচিত।
এদিকে বালিশের নিচে মোবাইল রাখলে আগুন ধরে যাওয়ার আশঙ্কাও থাকে। এমনকি মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে বিস্ফোরণও ঘটতে পারে।
kalprakash.com/IM