শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় তরুণদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে গত বছরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া সামগ্রী ও কেরাম বোর্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রতিনিধিরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঘর নির্মাণের প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন। পাশাপাশি স্থানীয় যুবসমাজের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে। স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যায়ক্রমে হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ এবং দোকানের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা লাঘবের পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ উদ্যোগ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে সময়োপযোগী এ মানবিক সহায়তার জন্য সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং রামসু বাজার এলাকার স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
kalprakash.com/IM