পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সেগুলোর সমাধান দাবি করেন। পরে তিনি বেনাপোল পৌরসভা এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফরের অংশ হিসেবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
সভায় ব্যবসায়ীরা বেনাপোল বন্দরের বিভিন্ন অনিয়মের বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরে সেগুলো সমাধানের অনুরোধ জানান। শুল্ক ফাঁকি ও ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত নন এমন ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তাঁরা।
প্রতিমন্ত্রী বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং এটি রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। তিনি জানান, বন্দরের সীমাবদ্ধতা দেখতে এসেছেন এবং ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা উভয় পক্ষের বক্তব্য শুনে তা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, এখান থেকে বেশি রাজস্ব এলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং সরকার সব বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিকেল ৫টায় বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থানও পরিদর্শন করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে যশোরের পথে রওনা দেন তিনি।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
kalprakash.com/IM