ইতালিতে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে দেশের বিশিষ্ট অভিনেত্রী এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠ আজমেরী হক বাঁধনের ওপর হামলা গভীরভাবে উদ্বেগজনক। এ ঘটনাকে নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির সংঘবদ্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন তারা।
রাবি ছাত্র ফেডারেশনের আহ্বায়ক তাসনুভা আমিন বলেন, গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন নিশ্চিত হলেও এর সুবিধাভোগীরা বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে শিক্ষার্থীদের পক্ষে নির্ভীক অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর বিদেশের মাটিতে হামলা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসারই প্রমাণ। এ ঘটনা স্বাধীনতাকামী ছাত্র-জনতার আত্মমর্যাদার ওপর আঘাত উল্লেখ করে তিনি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সমন্বিত পদক্ষেপে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংগঠনটির সদস্য সচিব ওয়াজেদ শিশির বলেন, ফ্যাসিবাদী শক্তি যখন আদর্শিক পরাজয় প্রত্যক্ষ করেছে, তখন তারা কাপুরুষোচিত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাঁধনের ওপর আঘাত কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি শিল্প, মুক্তচিন্তা ও মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষার ওপর বর্বর আঘাত। তিনি বিদেশে অবস্থানরত ফ্যাসিবাদের সমর্থকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
kalprakash.com/IM