নিজের অনুপস্থিতিতে আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ ফজলুল করিম সেলিম—এমন মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। তাই তাঁর অনুপস্থিতিতে শেখ সেলিমই দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এ সময় তিনি আরও স্পষ্ট করেন যে, তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন।
দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ এই কথোপকথনে শেখ হাসিনা তাঁর দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, তাঁর দেশে ফেরার আগ্রহ রয়েছে। তবে দেশে ফিরলে নিজের জীবননাশের তীব্র আশঙ্কা প্রকাশ করে তিনি দাবি করেন, দেশে প্রত্যাবর্তন করলে বিমানবন্দরেও তাঁকে হত্যা করা হতে পারে। একই সঙ্গে তাঁর দেশে ফেরার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রত্যেকের জীবনের ঝুঁকি রয়েছে; ফলে কাউকে দেশে ফেরার নির্দেশনা দিয়ে তিনি বিপদে ফেলতে চান না।
সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন প্রদান এবং তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান নিয়েও নানা প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
তাঁর মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সুস্থ আঞ্চলিক বোঝাপড়া গড়ে তোলাই ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি। কোনো ধরনের সামরিক জোটের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: দ্য ওয়াল
kalprakash.com/IM