জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার ঠিক আগে ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে নিজের বহুল আলোচিত প্রেম ও বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন অভিনেত্রী ইশা রিখী। সম্পর্ক ভেঙে যাওয়ার সেই চরম অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে কঠিন ও বিষাদময় অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের মার্চ মাস থেকেই বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখীর প্রেমের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে ইশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করলে সেই আলোচনা নতুন মাত্রা পায়।
সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ইশা জানান, শুরু থেকেই তিনি ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আলোচনার বিষয়বস্তু করতে চাননি। চেয়েছেন সবকিছু আড়ালে রাখতে। তবে পরিস্থিতি এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বারবার নিজেকে প্রশ্ন করতেন—‘আমি কী ভুল করেছিলাম?’ তিনি বলেন, ‘আমি কেবল ভালোবাসার মানুষটিকেই নয়, আমাদের সম্পর্কটিকেও বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। দুজন মানুষের ব্যক্তিগত টানাপোড়েনকে কখনো জনসমক্ষে নাটকে পরিণত করতে চাইনি।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি প্রসঙ্গে ইশা স্পষ্ট করেন, ছবিগুলো তিনি নিজে প্রকাশ করেননি; তাঁর মা সেগুলো পোস্ট করেছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে তাঁর একাধিকবার তীব্র মনোমালিন্য ও কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে তিনি বুঝতে পারেন পুরো পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সেই অস্থির সময়ের স্মৃতিচারণ করে ইশার ভাষ্য, ‘ওই সময়টায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একদিকে আমার মা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন, অন্যদিকে বাদশা দিচ্ছিল সম্পূর্ণ ভিন্ন কথা। এতে আমি প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ি।’ তিনি আরও যোগ করেন, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমাদের মধ্যে বহুবার কথা হয়েছিল। ও আমাকে এমন এক দৃশ্যপট দেখাচ্ছিল, যা একেবারেই সত্য ছিল না। তখন নিজের কাছেই প্রশ্ন জাগত—আমি কীভাবে এতটা বোকা হতে পারলাম? ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও খারাপ সময়।’
সাক্ষাৎকারে সরাসরি জানতে চাওয়া হয়—তিনি নিজেকে প্রতারিত মনে করেন কি না? উত্তরে কোনো দ্বিধা না রেখে ইশা স্পষ্ট ভাষায় বলেন, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
এদিকে ইশা রিখীর এমন বিস্ফোরক অভিযোগ ও মন্তব্যের বিষয়ে ভারতীয় র্যাপার বাদশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
kalprakash.com/IM