ওটিটি দুনিয়ায় আলোড়ন তোলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। তিনটি সিজন এবং দীর্ঘ সাত বছর পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ২৫ কোটি রুপি আয় করতে পারলে এটি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি) এবং ‘আওয়ারাপন ২’ (২১.৫০ কোটি রুপি)-এর ওপেনিং রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির গল্প মূলত ওয়েব সিরিজের প্রথম সিজনের সময়কার ঘটনাবলির সঙ্গে সমান্তরালভাবে এগোবে। এতে ‘কালীন ভাইয়া’ চরিত্রে পুনরায় পর্দা কাঁপাবেন শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া যথারীতি থাকছেন আলি ফজল ও দিব্যেন্দু। পুরোনো প্রিয় চরিত্রগুলোর পাশাপাশি দর্শকদের জন্য গল্পে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন চরিত্রও।
মুক্তির আগেই ভারতে ‘মির্জাপুর’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, টিকিট কেনার হারও লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ছবিটির প্রায় ১ লাখ ৪০ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। ফলে প্রথম দিনের টিকিট বিক্রি থেকেই প্রায় ৪ কোটি রুপি আয় নিশ্চিত হয়েছে, যার সিংহভাগ এসেছে হিন্দি সংস্করণ থেকে। জনপ্রিয় টিকিটিং প্ল্যাটফর্ম বুকমাইশো-তে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতি ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি টিকিট বিক্রি হচ্ছে।
ট্রেড মহলের মতে, ভারতের দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতে (টিয়ার-২ ও টিয়ার-৩) মির্জাপুরের জনপ্রিয়তা অত্যন্ত প্রবল। ফলে মুক্তির দিন সরাসরি কাউন্টার বা স্পট বুকিং থেকে বিপুল আয়ের সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে প্রথম দিনে ১৮ থেকে ২০ কোটি রুপি আয়ের পূর্বাভাস দেওয়া হলেও টিকিটের ব্যাপক চাহিদার কারণে এখন ধারণা করা হচ্ছে ছবিটি প্রথম দিনেই ২২ কোটি রুপি ছাড়িয়ে ২৫ কোটি রুপি পর্যন্ত নেট আয় স্পর্শ করতে পারে।
সাধারণত হিন্দি সিনেমায় প্রথম দিনে ২৫ কোটি বা তার বেশি ওপেনিং কেবল তিন খান (শাহরুখ, সালমান, আমির), অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো তারকাদের ক্ষেত্রেই দেখা যায়। বক্স অফিসের এই পূর্বাভাস সত্য হলে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দুও সেই অনন্য উচ্চতায় নিজেদের নাম লেখাবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
kalprakash.com/IM