পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ঢালে নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি প্রথমে সড়কের ডান পাশের রেলিংয়ে এবং পরে ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কের ওপর উল্টে যায়। এ ঘটনায় বাসের অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন—মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে আসছিল। দুপুর সোয়া ১টার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছায়। সেতুর ঢাল দিয়ে নামার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয় এবং ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের তৎপরতা শুরু হয়।
দুপুর ১টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের বের করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নূর ইসলাম নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
kalprakash.com/IM