রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪২

মেসির চার গোলে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৭
শেয়ার: mail
মেসির চার গোলে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টানা পাঁচ ম্যাচে চার হার আর একটি ড্র নিয়ে নিজেদের যেন হারিয়ে খুঁজছিল ইন্টার মায়ামি। অবশেষে এক মেসিময় রাতে সেই জয়হীনতার বৃত্ত ভাঙল ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক ও চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়ে আবারও জয়ের ধারায় ফিরল তারা।

মায়ামির ৭ গোলের বিশাল জয়ে মেসি ছিলেন অনন্য ফর্মে। একাই চার গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

মায়ামি বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের প্রথমার্ধে মন্ট্রিল ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। মন্ট্রিলের মাঠে শুরুতে কর্নার কিক থেকে আসা জোরালো হেডে মায়ামিকে এগিয়ে নেন ক্রেমাস্কি। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। স্বাগতিকদের সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঠিক দুই মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান মেসি।

বিরতির পর পুরো ম্যাচেই দেখা যায় মেসি ও মায়ামির একচেটিয়া আধিপত্য। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ ব্যবধান বাড়িয়ে করেন ৪-১। ম্যাচের ৮৩ মিনিটে মেসি পূর্ণ করেন ক্যারিয়ারের অন্যতম দৃষ্টিনন্দন এক হ্যাটট্রিক। এতেও থামেনি মায়ামির আক্রমণ। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আলেকসান্দার শ ষষ্ঠ গোল করার পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে নিখুঁত ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই চার গোলের মাধ্যমে দীর্ঘ চার বছর পর এক ম্যাচে চার বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই ফুটবল জাদুকর। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে লা লিগায় এইবারের বিপক্ষে শেষবার চার গোল করেছিলেন তিনি। মায়ামির গোলাপি জার্সিতেও এটি তার প্রথম চার গোলের রেকর্ড। এই চার গোলের সুবাদে চলতি এমএলএসে ১৯ ম্যাচে ১৮ গোল নিয়ে শীর্ষ গোলদাতার তালিকার এক নম্বরে উঠে এলেন মেসি।

মাঠে মেসির এমন তাণ্ডবের দিনে ডাগআউটে ছিলেন না দলের মূল কোচ। নতুন নিয়োগ পাওয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ এখনও ওয়ার্ক পারমিট না পাওয়ায় এদিন মায়ামির ডাগআউট থেকে দিকনির্দেশনা দেন সহকারী কোচ রাফায়েল পেরেজ। দীর্ঘ আড়াই সপ্তাহ পর পাওয়া এই জয় দিয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আবারও সুসংহত করল ইন্টার মায়ামি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মেসির চার গোলে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

বিস্তারিত কমেন্টে