পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চৌমহনী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ কসবা উপজেলা টিম।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে মাগরিব পর্যন্ত মেলা প্রাঙ্গণে টানা এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মেলা প্রাঙ্গণ আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন করে তোলা হয়। একই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করা হয়।
শপথবাক্য পাঠের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মো. মাহমুদুল হাসান সোহান।
পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক মো. মাহমুদুল হাসান সোহান, মেলা আয়োজক কমিটির সদস্য মো. রুহুল আমিন, বিডি ক্লিন আখাউড়া উপজেলার দায়িত্বশীল রোজিনা আক্তার এবং বিডি ক্লিন ঢাকার সদস্য এস আর সূরাফসহ অনেকে।
এ সময় বিডি ক্লিন কসবা উপজেলা টিমের সদস্যদের মধ্যে মো. আরিফুল ইসলাম, রাব্বি, সিয়াম, তাজকিয়াতুন নাফস ইভা, তাসনুভা ইসলাম রাফা এবং কনিষ্ঠ সদস্য আনাহিতা আশফি ওয়াজিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়। তরুণদের এমন ইতিবাচক উদ্যোগে মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়।
মেলায় আগত দর্শনার্থী, স্থানীয় সচেতন নাগরিক ও আয়োজক কমিটির সদস্যরা বিডি ক্লিনের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, এ ধরনের নিয়মিত কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক অভিযান নয়; এটি একটি নাগরিক দায়িত্ব ও সামাজিক অভ্যাস। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। ‘পরিচ্ছন্নতার শুরু হোক নিজের থেকেই’—এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
kalprakash.com/IM