ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাঘালিয়ামুড়া আলী বাড়ির আয়োজনে ২৪ ইঞ্চি এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপীনাথপুর রহমত আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কসবা উপজেলার দক্ষিণ খার ইয়াং স্টার ফুটবল দলের মুখোমুখি হয় আখাউড়া উপজেলার নোয়ামুড়া ইয়াং স্টার ফুটবল দল। খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নোয়ামুড়া ইয়াং স্টার দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কসবার দক্ষিণ খার ইয়াং স্টার ফুটবল দল।
খেলায় গোপীনাথপুর বাঘালিয়ামুড়া গ্রামের সমাজসেবক ডা. হুমায়ুন কবির বখতার ও সৈয়দ এরশাদ মিয়া যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সামাদ আলী। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সরদার সুলাইমান মিয়া, সরদার ইউনুছ মিয়া, আবু সামা, ইরন আলী, আক্কাস আলী ও সেলিম আলী। খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন সরদার বিল্লাল হোসেন, আলামিন রাফি, জয়নাল আবেদিন, এস এম জিহাদ, ইব্রাহিম আলী, হাসান আলী ও মুন্না আলী।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলকে একটি মোবাইল ফোন এবং চ্যাম্পিয়ন দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।
আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
kalprakash.com/IM