বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় কৃষকরা। পরবর্তীতে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের যৌথ তৎপরতায় প্রায় ৯ ফুট লম্বা অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দরবনের প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৮ কেজি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বকুলতলা গ্রামের একটি ধানক্ষেতে কাজ করার সময় এক কৃষক হঠাৎ বিশাল অজগরটি দেখতে পান। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অজগরটি দেখতে ভিড় জমান গ্রামবাসী।
খবর পেয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর শরণখোলা ইউনিটের প্রতিনিধি নাহিদ হাসান ও মো. হাসান মুন্সি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় বিশেষ সতর্কতা ও দক্ষতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা অজগরটিকে বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের সুরক্ষিত গহিন বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
অজগরটি নিরাপদে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বন্যপ্রাণীপ্রেমীরা জানান, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেগুলোকে আঘাত বা হত্যা না করে নিরাপদে উদ্ধারপূর্বক বনে অবমুক্ত করার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
kalprakash.com/IM