নতুন সিনেমা গানমাস্টার জি৯-এর শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, ক্রেন থেকে একটি গাড়ি নিচে পড়ে কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ছে। আর সেই ভ্যানের কাছেই ছিলেন অভিনেতা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যায়। এরপর সেটি নিচে দাঁড়িয়ে থাকা একটি কালো ভ্যানের ছাদে গিয়ে আছড়ে পড়ে।
গাড়িটি যেখানে পড়ে, তার খুব কাছেই ছিলেন ইমরান। ফলে মুহূর্তের জন্য তৈরি হয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। দৃশ্যটি পরিকল্পনা অনুযায়ী ধারণ করা হচ্ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়েও মুখ খোলেননি ছবির নির্মাতারা।
কোথায় এই দৃশ্যের শুটিং হয়েছে, সেটিও স্পষ্ট নয়। এবারই প্রথম নয়, এর আগে শুটিং ঘিরে বিতর্কে জড়িয়েছিল গানমাস্টার জি৯।
গত জুনে ভারতের হরিদ্বারে ছবিটির শুটিং চলাকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। শুটিংয়ের স্থানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড দেখে অনেকে মনে করেছিলেন, ধর্মীয় স্থানে সত্যিই পানশালা খোলা হচ্ছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শুটিং বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন ছবির প্রযোজক দীপক মুকুট। তিনি বলেন, ‘কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। অভিযোগে বিস্ময় প্রকাশ করে দীপক আরও বলেছিলেন, তিনি নিজেও হিন্দুধর্মাবলম্বী। তাই হরিদ্বারে পানশালা খোলার কথা তিনি কখনোই ভাববেন না।
আদিত্য দত্ত পরিচালিত গানমাস্টার জি৯ একটি অ্যাকশনধর্মী প্রেমের সিনেমা। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
kalprakash.com/IM