বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫০:৪১

স্বামীকে প্রবাসে রেখে প্রেমিককে বিয়ে, ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
স্বামীকে প্রবাসে রেখে প্রেমিককে বিয়ে, ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে স্বামীকে ইতালিতে রেখে চার সন্তানের এক জননীর বিরুদ্ধে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইতালি প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম বাদী হয়ে বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নারীর নাম মুন্নি আক্তার জেসমিন। তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের নুর উদ্দিনের মেয়ে। ভুক্তভোগী ইতালি প্রবাসী জাকির হোসেন চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে।

অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নির বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের চার সন্তান রয়েছে। পরবর্তীতে ২০০৯ সালে মুন্নিকে ইতালি নিয়ে যান স্বামী জাকির। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে একাধিক ব্যক্তির সঙ্গে মুন্নি পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ইতালি থেকে দেশে ফেরেন মুন্নি। দেশে আসার পর থেকেই তিনি স্বামীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তীতে স্বামীকে কোনো প্রকার তালাক না দিয়েই মুন্নি রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন। সৌরভের সঙ্গে মুন্নির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ ছাড়া ইতালি থেকে আসার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা মুন্নি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী মারুফা আক্তার বলেন, ‘মুন্নি আমার ভাইকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে। সে আমার ভাইয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব ঘটনায় তার পরিবারের লোকজনও জড়িত। তাদের কারণে আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সন্তানগুলো অসহায় হয়ে পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মুন্নি আক্তার জেসমিন বলেন, ‘জাকির ইতালিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত, তাই আমি অন্য একজনকে বিয়ে করেছি। তবে আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।’ এ সময় প্রথম স্বামীকে তালাক না দিয়েই বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্বামীকে প্রবাসে রেখে প্রেমিককে বিয়ে, ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

বিস্তারিত কমেন্টে