বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২১:৪২

৩৩ পদ অনুমোদন: অচিরেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে যশোর হাসপাতালের সিসিইউ

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৩৪
শেয়ার: mail
৩৩ পদ অনুমোদন: অচিরেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে যশোর হাসপাতালের সিসিইউ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা কিংবা খুলনায় ছুটতে হবে না যশোরবাসীকে। দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর লক্ষ্যে রাজস্ব খাতে ৩৩টি পদ সৃজনে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে যশোরে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পথ আরও প্রশস্ত হলো।

গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সওব্য-১০ শাখা থেকে জারি করা এক স্মারকে এ সম্মতির কথা জানানো হয়। এর আগে গত ৩ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে প্রস্তাব পাঠায়। সরকারি স্মারক অনুযায়ী, করোনারি কেয়ার ইউনিটের জন্য স্থায়ীভাবে ২০টি এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে ১৩টিসহ মোট ৩৩টি পদ সৃজন করা হবে। এর মাধ্যমে চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের সুযোগ তৈরি হলো।

সৃজিত পদগুলোর মধ্যে রয়েছে—সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), সহকারী রেজিস্ট্রার, অ্যানেসথেটিস্ট, মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান কর্মকর্তা, স্টোর কিপার, ফার্মেসি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টিকিট ক্লার্ক ও অভ্যর্থনাকারী।

মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, পদ সৃজনের ক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে। পাশাপাশি অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতনস্কেল ভেটিং করতে হবে।

এদিকে, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট অচিরেই চালু হবে, ইনশাআল্লাহ।’

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, হৃদরোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ও দ্রুত চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন গুরুতর হৃদরোগীকে উন্নত চিকিৎসার জন্য যশোরের বাইরে নিতে গিয়ে স্বজনদের সময়, অর্থ ও নানামুখী ভোগান্তির মুখে পড়তে হতো। পূর্ণাঙ্গ সিসিইউ চালু হলে সেই ভোগান্তি অনেকটাই লাঘব হবে। যশোরেই এই সেবা নিশ্চিত হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবির পর ৩৩টি পদ সৃজনের সিদ্ধান্তকে স্থানীয়রা স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি হিসেবে দেখছেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের খবর। পূর্ণাঙ্গ সিসিইউ চালু হলে যশোরবাসীর দীর্ঘদিনের একটি বড় প্রত্যাশা পূরণ হবে। হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা খুলনায় ছুটতে হবে না। রোগীকে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়। ফলে এই ইউনিট চালু হলে স্থানীয় রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৩৩ পদ অনুমোদন: অচিরেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে যশোর হাসপাতালের সিসিইউ

বিস্তারিত কমেন্টে