বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৩:৪২

চলতি সপ্তাহে কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
চলতি সপ্তাহে কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৬ আগস্ট) বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছাবেন শি জিনপিং। এরপর মিসর সফর শেষে আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছর এটি হবে চীনা প্রেসিডেন্টের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গত জুনে তিনি রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন।

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এই সফর করছেন শি জিনপিং।

বিশকেকে অবস্থানকালে চীনা প্রেসিডেন্ট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সফরের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন ও কিরগিজস্তান ভালো প্রতিবেশী, পারস্পরিক আস্থার বিশ্বস্ত বন্ধু এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করা নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্ণ হয়েছে। এ সময়ে উভয় দেশ পরস্পরের প্রতি আন্তরিকতা প্রদর্শন করেছে এবং পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও দৃঢ় হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। শি জিনপিংয়ের এই সফর দুই দেশের মধ্যকার সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও কিরগিজস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

এদিকে দীর্ঘ ১০ বছর পর এটি হতে যাচ্ছে শি জিনপিংয়ের প্রথম মিসর সফর। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, ৭০ বছর আগে আরব ও আফ্রিকার দেশগুলোর মধ্যে মিসরই প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বর্তমানে দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ হাজার কোটি ডলারেরও বেশি।

লিন জিয়ান বলেন, চীন ও মিসরের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আসন্ন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও মিসরের প্রেসিডেন্ট সিসি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করবেন। চীন মিসরের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী আরও জোরদার করতে এবং আধুনিকায়ন প্রক্রিয়ায় একে অপরকে সমর্থন দিতে আগ্রহী। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে বেইজিং আশাবাদী।

উল্লেখ্য, চীনা প্রেসিডেন্টের সফরের প্রাক্কালে মিসরে দুই দেশের বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হচ্ছে। ‘সভ্যতার ঈগল’ শীর্ষক এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির বিমানবাহিনী জে-১৬ যুদ্ধবিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ওয়াইইউ-২০ বিমান, কেজে-৫০০ আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান এবং জেড-২০ হেলিকপ্টার মোতায়েন করেছে।

চীনা সামরিক বাহিনীর এসব বিমান গত সপ্তাহে প্রায় ৬ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে মিসরে পৌঁছেছে এবং শনিবার থেকে এই যৌথ মহড়া শুরু হয়েছে। মিসরও এই মহড়ায় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানসহ তাদের উন্নত সামরিক সরঞ্জাম নিয়ে অংশ নিচ্ছে।

kalprakash.com/IM

ট্যাগসমূহ: কিরগিজস্তান

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চলতি সপ্তাহে কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

বিস্তারিত কমেন্টে