ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন। একই সঙ্গে তিনি এই যুদ্ধকে ‘নিছক দুর্নীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই সিনেটর বলেন, ট্রাম্প হোয়াইট হাউসকে একটি ‘পে-টু-প্লে’ ক্যাসিনোতে পরিণত করেছেন। সাধারণ আমেরিকানদের জন্য যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, তখন তাঁর নিজস্ব শেয়ার পোর্টফোলিওর অবস্থা এর চেয়ে ভালো আর হতে পারে না।
তিনি আরও বলেন, আমেরিকানদের দুর্ভোগ থেকে ট্রাম্প ক্রমাগত লাভবান হচ্ছেন—যার মধ্যে তিনি ইরানে যে অর্থহীন যুদ্ধ শুরু করেছেন, সেটিও অন্তর্ভুক্ত। এটি পুরোপুরি একটি দুর্নীতির বহিঃপ্রকাশ।
ভ্যান হলেন দাবি করেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প অনৈতিকভাবে এক বিলিয়ন ডলারেরও বেশি নিজের পকেটে পুরেছেন।
মার্কিন এই আইনপ্রণেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত স্পষ্ট যে, ক্ষমতার অপব্যবহার করে এমন একটি অবৈধ যুদ্ধ শুরু করা হয়েছে, যা থেকে কেবল ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সূত্র: মিডল ইস্ট আই
kalprakash.com/IM