রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৯:০৮

সুপারম্যানের পোশাকে দাবানলের বিরুদ্ধে লড়ছেন ইন্দোনেশিয়ার কিশোর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৪১
শেয়ার: mail
সুপারম্যানের পোশাকে দাবানলের বিরুদ্ধে লড়ছেন ইন্দোনেশিয়ার কিশোর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রিয় সুপারহিরো সুপারম্যানের লাল-নীল পোশাক পরে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পোড়া জমিতে আগুন নেভাতে এগিয়ে চলেছেন ১৭ বছর বয়সী এক অদম্য কিশোর রুদিয়ানসাহ। বোর্নিও দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়িয়ে দেওয়া ভয়াবহ দাবানল নেভাতে দিনরাত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া দাবানলের কারণে অঞ্চলজুড়ে ঘন ধোঁয়াশা তৈরি হয়েছে। বোর্নিওর পালাংকারায়া শহরের পোড়া ও বিবর্ণ পিটভূমিতে রুদিয়ানসাহর সুপারম্যানের পোশাক দূর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বাবার গড়ে তোলা স্থানীয় স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পিটভূমির ধিকিধিকি জ্বলতে থাকা আগুন নেভাচ্ছেন এই তরুণ।

রুদিয়ানসাহ জানান, ২০২৩ সাল থেকে স্কুলের পড়াশোনার ফাঁকে অবসর সময়ে বাবার সঙ্গে আগুন নেভানোর কাজে যুক্ত হন তিনি। তবে এ বছর অন্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি সুপারম্যানের পোশাক পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন। দাবানল নিয়ন্ত্রণে তাঁর এই ব্যতিক্রমী প্রচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা লাখ লাখ মানুষের নজর কাড়ে এবং ব্যাপক প্রশংসিত হয়। দেশটির বনমন্ত্রী তাঁকে ‘বননায়ক’ উপাধিতে ভূষিত করেছেন।

রুদিয়ানসাহ বলেন, ‘স্থানীয় মানুষদের এই দুর্যোগে সাহায্য করতে পারছি বলে আমি ভীষণ আনন্দিত, যদিও কাজটা অত্যন্ত ক্লান্তিকর।’ মাঠে যাওয়ার আগে তিনি পোশাকটি ভিজিয়ে নেন যাতে আগুনের তাপে পুড়ে না যায়।

রুদিয়ানসাহর বাবা মুলিয়াদি জানান, ২০২০ সালে তাঁদের স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলটি প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের দাবানলের ধোঁয়াশা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। তিনি জানান, বর্তমানে অগ্নিনির্বাপকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির তীব্র সংকট; খরার কারণে কূপসহ স্থানীয় পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে।

সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আগুনে ২ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে, যা রাজধানী জাকার্তার আয়তনের প্রায় তিন গুণ। এল নিনো ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র খরার কারণে দাবানল আরও ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এর ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অতিরিক্ত সেনা ও অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করেছে।

ভবিষ্যতে বনরক্ষী হওয়ার স্বপ্ন দেখা রুদিয়ানসাহ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অন্যান্য অগ্নিনির্বাপকদের মনোবল অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ইন্দোনেশিয়াজুড়ে যেসব স্বেচ্ছাসেবী ও অগ্নিনির্বাপক কাজ করছেন, সবাইকে বলব—আগুনের বিরুদ্ধে লড়াইয়ে মনোবল ধরে রাখুন।’

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুপারম্যানের পোশাকে দাবানলের বিরুদ্ধে লড়ছেন ইন্দোনেশিয়ার কিশোর

বিস্তারিত কমেন্টে