যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর দেশটির পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে কানাডাকে কটাক্ষ করে আবারও বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প রোববার তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘কানাডা একটি রাজ্য হওয়ার সুবিধা ভোগ করতে চায়, কিন্তু রাজ্য হতে চায় না।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপ করে এসেছে।
এর আগে শুক্রবার ওয়াশিংটনে দুই দেশের বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়। এটি কানাডার যুক্তরাষ্ট্রমুখী মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। এই শুল্কের আওতায় হকি স্টিক থেকে শুরু করে সিমেন্টসহ বিভিন্ন পণ্য পড়েছে।
এর প্রতিক্রিয়ায় শনিবার অটোয়ায় প্রধানমন্ত্রী কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব ছিল ‘অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য’, তাই তা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আপনার ওপর হামলা হলে সেটাকে যুদ্ধই বলা হয়। আমরা আক্রান্ত হয়েছি। তারা যে প্রস্তাব দিয়েছে, আমরা তা মেনে নিতে পারি না এবং তারা যা চেয়েছে, আমরা তা দেব না।’
কানাডার পাল্টা শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আওতায় বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্পের পণ্য থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কার্নি।
অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ফক্স নিউজকে বলেছেন, কানাডার পাল্টা পদক্ষেপের জবাবে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে। তিনি আরও জানান, কানাডার আলোচকদের সঙ্গে নতুন করে কোনো আলোচনা করার পরিকল্পনা আপাতত যুক্তরাষ্ট্রের নেই। ফলে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
kalprakash.com/IM