শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৮:৪০

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে কার্যকর হলো ইনভেস্ট বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে কার্যকর হলো ইনভেস্ট বাংলাদেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকার ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশ করে। এর মাধ্যমে বিডা, বেজা ও পিপিপিএর সমন্বয়ে গঠিত নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ নামে যাত্রা শুরু করল।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ধারা ১-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২০ আগস্ট থেকে এ আইন কার্যকর করল। তবে নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিলুপ্ত বিডার নির্বাহী সদস্য ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, গেজেট কার্যকর হওয়ার মাধ্যমে এখন থেকে সবকিছু ইনভেস্ট বাংলাদেশ নামে পরিচালিত হবে। নতুন টিম ও উইং গঠনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমও পর্যায়ক্রমে শুরু হবে।

নাহিয়ান রহমান রচি আরও বলেন, কয়েক মাসের প্রচেষ্টার পর ইনভেস্ট বাংলাদেশ আত্মপ্রকাশ করায় তাঁরা আনন্দিত। বিনিয়োগকারীরা বিনিয়োগসংক্রান্ত যাবতীয় সেবার জন্য একটি একক ফ্রন্ট ডেস্কের দাবি জানিয়ে আসছিলেন এবং সেই দাবি থেকেই এই উদ্যোগের সূচনা। তাঁদের লক্ষ্য হলো ইনভেস্ট বাংলাদেশকে সেই একক প্ল্যাটফর্মে পরিণত করা, যার মাধ্যমে বিনিয়োগকারীরা আরও সুসংহত, নির্বিঘ্ন ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন।

নতুন আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিচালিত হবে। এর প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। সরকারের অনুমোদনসাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপন করা যাবে।

কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। চেয়ারম্যান হবেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী। নতুন কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব হবে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করা।

একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সব সম্পদ, নথি, চুক্তি, দায়দেনা ও অন্যান্য বিষয় নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন কর্তৃপক্ষের অধীনে কাজ করবেন। গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের একীভূতকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় বিনিয়োগকারীদের সেবা আরও সমন্বিত হবে এবং বিনিয়োগের বাধা দূর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে কার্যকর হলো ইনভেস্ট বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে